সিরাজগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়ছে। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট বিপত্সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিপত্সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ছোনগাছা খোকশাবাড়ি পৌরসভা কাওয়াখোলা মেছরা ও কালিয়াহরিপুরের সাতটি ইউনিয়ন, কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি, শাহজাদপুর উপজেলার কৈজুরী জালালপুর গালা ও সোনাতনীর চারটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে করে লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম জানান, নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, এর মধ্যেই বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বন্যার্তদের জন্য কাজীপুরে ৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ত্রাণসামগ্রী হিসেবে কাজিপুরে ১০ এবং সিরাজগঞ্জ সদরে ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা মোকাবিলায় প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।