সিরাজগঞ্জে লাগাতার বাস-রিকশা ধর্মঘট প্রত্যাহার
সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোবাইক, ভটভটি, সিএনজিচালিত অটো টেম্পো ও কাটা মাইক্রো অবৈধভাবে যত্রতত্র চলাচল বন্ধ করার দাবিতে ডাকা লাগাতার বাস-রিকশা ধর্মঘট শুরুর পর গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রত্যাহার করা হয়েছে।জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়।পরিবহন সমিতির একাধিক সূত্রে জানা গেছে, গত তিন বছরে আঞ্চলিক সড়ক যোগাযোগ (আরটিসি) কর্তৃপক্ষ একাধিকবার সিরাজগঞ্জের যত্রতত্র অবৈধভাবে যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি। এ বিষয়ে ৬ ডিসেম্বরে ইউনিয়নের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ ডিসেম্বরের মধ্যে আরটিসির সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ১৩ ডিসেম্বর থেকে লাগাতার বাস, রিকশা ও ভ্যান ধর্মঘট শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়।জেলা মোটর বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজী বলেন, গতকাল বেলা একটায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ায় বিকেল চারটা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে যত্রতত্র অবৈধভাবে যানবাহন চলাচল বন্ধ করা না হলে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।