সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধের ৮০ মিটারে ধস

সিরাজগঞ্জের যমুনা নদীর স্থায়ী শহররক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) প্রস্তাবিত রাসেল পার্ক এলাকার পুরাতন জেলখানার কাছে ৮০ মিটার অংশ ধসে গেছে। গত বুধবার রাতে এ ধসের ঘটনা ঘটে। বাঁধটিতে পঞ্চমবারের মতো এমন ধসের কারণে শহরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ পাউবোর বিশেষায়িত শাখা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বাঁধের ৯৬০ থেকে এক হাজার ৪০ মিটারজুড়ে বাঁধের তলদেশের পানি থেকে বুদ্বুদ্ উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভেসে উঠতে থাকে অসংখ্য বাঁশের খুঁটি। সাড়ে ১০টার দিকে বাঁধের সিসি ব্লক আর কংক্রিটের অংশ ধসে যেতে শুরু করে। রাত তিনটার মধ্যে ৮০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থ বাঁধ বিলীন হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দিয়ে পাথর, সিসি ব্লক ও বালুর বস্তা নিক্ষেপ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘রাতে যখন বুদ্বুদ্ ওঠা শুরু করে, আমরা তখন এখানে ছিলাম। এ সময় বাঁধের ওপরকার বৈদ্যুতিক খুঁটিতে ঝনঝন শব্দ সৃষ্টি হয়ে মুহূর্তে সেটি নদীগর্ভে চলে যায়।’ তিনি আরও বলেন, ‘মাত্র ৪০ দিন আগেও এ বাঁধে ধস দেখা দিয়েছিল। আমরা খুব ভয়ে আছি। পাউবোর কর্মকর্তারা সঠিকভাবে দেখভাল করলে এই অবস্থা হতো না।’
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বিশ্বব্যাংকের পরামর্শক বিভাগের প্রতিনিধি (জুনিয়র কনসালট্যান্ট) উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বুধবার বিকেলে করা জরিপ থেকে বাঁধের নিচে নদীর ভেতরে প্রায় ৪৫ মিটার দূরে গর্তের সন্ধান পাওয়া যায়। তক্ষুনি সেখানে বালুর বস্তা ফেলার প্রস্তুতি নেওয়া হলেও মুহূর্তে গর্তটি বড় হয়ে গেলে ধস থামানো যায়নি।
সিরাজগঞ্জ পাউবির বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, প্রতিনিয়ত জরিপের মাধ্যমে বাঁধের তলদেশের নদী পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু যমুনার গতিপ্রকৃতি বোঝা মুশকিল। ফলে আকস্মিক ধসগুলো অনেক সময় ঠেকানো যাচ্ছে না।
গতকাল সকালে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান, বিশ্বব্যাংকের পরামর্শক দলের নেতা ধ্রুব কুমার শেষ্ঠা ও পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, ‘প্রতিদিন পাউবোর কর্মকর্তারা জরিপের ফল আমাকে অবহিত করেন। কিন্তু বুধবার গর্তের সন্ধান পাওয়ার বিষয়টি আমাকে কেন জানানো হয়নি বুঝতে পারলাম না। তবে ধস যাতে আর না বাড়ে, সে জন্য জরুরিভাবে বালুর বস্তা, পাথর, সিসি ব্লক নিক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে পাউবোকে। এখন ধস নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার আর কোনো কারণ নেই।’