সিরাজগঞ্জে শিশু তামিম হত্যার দায় স্বীকার আসামিদের
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিশু তামিম হত্যার মামলার গ্রেপ্তার তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিরাজগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলামের কাছে গতকাল সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লাপাড়ার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান হোসেনের ছেলে তামিম (৭) গত ১০ ফেব্রুয়ারি পাশের গ্রাম নরসিংহ পাড়ায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে খুন হয়। পরদিন ওই গ্রামের পাশের মাঠে একটি সরিষার গাদার ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তামিমের নানা রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, এক সপ্তাহ ধরে ব্যাপক অভিযান চালিয়ে তামিম হত্যার সঙ্গে জড়িত নরসিংহপাড়া গ্রামের আবদুল মান্নান, তাঁর ছেলে ফিরোজ উদ্দিন ও একই গ্রামের হাফিজুল ইসলামকে আটক করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদে তাঁরা কোনো কিছু স্বীকার করেননি। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করে। পরে তাঁদের আদালতের বিচারকের কাছে হাজির করা হয়।
সোমবার ওই তিন আসামি জবানবন্দিতে জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় হাফিজুল তামিমকে রফিকুলের বাড়ির আঙিনা থেকে ডেকে নিয়ে গ্রামের আবদুল মান্নানের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে চোখ-মুখ-হাত বেঁধে আটকে রাখে। রাতে হাফিজুল নিজেই তামিমের গলায় গামছা প্যাঁচায়। এ সময় মান্নান ও ফিরোজ দুই দিক থেকে গামছা টেনে তামিমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁরা গভীর রাতে লাশ নিয়ে বাড়ির অদূরে সরিষার গাদার মধ্যে ঢুকিয়ে রেখে পালিয়ে যান।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, তিনজনকে জবানবন্দি রেকর্ড করার পর বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এজাহারভুক্ত অন্য দুজন আসামিসহ প্রাপ্ত তথ্যানুযায়ী আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।