সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলা দায়ের
সিরাজগঞ্জে যমুনা নদীর চরাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
রাতেই শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গতকাল শুক্রবার সদর থানায় একটি মামলা হয়েছে।
থানার উপপরিদর্শক বদিউজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুর এক আত্মীয় বাদী হয়ে মামলা করেছেন। আজ শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
গ্রামের আবদুল কাদের জিলানী জানান, রাত আটটার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বড় কয়ড়া গ্রামের মিজানুর রহমান (২৬) গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে পাশের কাশবনে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মিজানুর রহমান পালিয়ে যান। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শিশুটির বাবা আগেই মারা গেছেন। তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান।
তিনি আরও বলেন, অভিযুক্ত মিজান এর আগেও একটি মেয়েকে ধর্ষণ করে ধরা পড়েন। ওই সময় স্থানীয় লোকজন গ্রাম্য সালিস বসিয়ে তাঁকে ওই মেয়ের সঙ্গেই বিয়ে পড়িয়ে দেন।