সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল সোমবার দুই দল মহল্লাবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় মসজিদ, দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গত রোববার রাতে শহরের নবদ্বীপপুল এলাকার একটি হোটেলে খাবার খেয়ে পাশের কড়িতলা মহল্লার হুরান শেখ টাকা না দিয়ে চলে যান। এ সময় কোলগয়লা মহল্লার ওই হোটেলের মালিক তাঁর কাছে খাবারের টাকা দাবি করলে হুরান তাঁর লোকজন এনে হোটেল ভাঙচুর করেন। ভাঙচুরকারীরা দোকানের কর্মচারী আলাউদ্দিনকে মারধর করে শরীরে গরম তেল ঢেলে দেন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সকালে কোলগয়লা মহল্লার লোকজন সংঘবদ্ধ হয়ে কড়িতলা এলাকায় হামলা চালান। এ সময় দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কালীবাড়ি মসজিদ, মসজিদসংলগ্ন বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।