সিরাজগঞ্জে সংঘর্ষে ২০ জন আহত, বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের আটাপাড়া এলাকায় দুটি মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাতজনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে, পৌর এলাকার পুঠিয়াবাড়ী ও হোসেনপুর আটাপাড়া মহল্লাবাসীর মধ্যে ফুটবল খেলা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে গতকাল বুধবার সকাল নয়টার দিকে উভয়পক্ষ ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া শুরু করলে ওয়াপদা বাঁধ ও সারঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় ওই এলাকার খালেক, মালেক, নূর মোহাম্মদ, জেলহকেরসহ ১৫টি বাড়িতে ভাঙচর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি এবং ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবদুল মালেক ২২ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপের কথা স্বীকার করে জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই বহিঃপ্রকাশের কারণে দুই দফা সংঘর্ষ হয়েছে।কৃষক হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াশেখা গ্রামের কৃষক হজরত আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আবদুস সালেক তিনজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুরের আবদুুল খালেক, আলম ওরফে শাহ আলম, আবদুুল মজিদ ওরফে আনোয়ার হোসেন ওরফে মাস্টার, নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম এবং সিরাজগঞ্জের কাজিপুরের সাইফুল ইসলাম কসাই। তাঁদের মধ্যে আলম ও সাইফুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক আছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩ জুলাই গভীর রাতে সাজাপ্রাপ্ত আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে সদর উপজেলার হাজি আবদুল হাইয়ের ছেলে হজরত আলীর বাড়িতে গরু চুরির জন্য হানা দেন। বিষয়টি টের পেয়ে হজরত আলীসহ এলাকাবাসী চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরেরা তাঁদের একজন সদস্য শাহ আলমকে ফেলে রেখে অস্ত্রের মুখে পাঁচটি গরুসহ হজরত আলীকে নৌকায় তুলে নিয়ে পালিয়ে যান। একদিন পর পুলিশ যমুনা নদীর মধ্য থেকে ভাসমান অবস্থায় হজরত আলীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত হজরত আলীর ভাই আবদুল মোত্তালেব বাদী হয়ে সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।