সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার সকালে সদর উপজেলার কড্ডার মোড় ও রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামের ভ্যানচালক ওমেদ আলী (২৯) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফেন্সি খাতুন (২০)।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আজ সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস ওমেদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।


ওসি আমিনুল ইসলাম আরও জানান, বাসটি আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক বলেন, আজ সকাল নয়টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি গ্রামের ঢাকা-বগুড়া মহাসড়কের শ্মশানঘাট এলাকায় একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী ফেন্সি খাতুন নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী আহত হন।


ওসি বি এম ইমদাদুল হক আরও জানান, আহত লোকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।