সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীতে গতকাল শুক্রবার দিবাগত রাতে যাত্রীবাহী একটি বাসকে পাশ থেকে একটি ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যাত্রীদের মধ্যে একজনের নাম চায়না খাতুন (২০)। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। নিহত অন্য দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও আহত যাত্রীদের ভাষ্য, অনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল। বানিয়াগাতী এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিকে পাশ থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় ট্রাকটি। এতে বাসটি একাধিকবার গড়িয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। চাপা পড়ে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২৮ জন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পথে এক যাত্রী মারা যান।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।