সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জে গতকাল শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। এর মধ্যে উল্লাপাড়ার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চারজন এবং শাহজাদপুরের তালগাছীতে একজন প্রাণ হারিয়েছেন।
হাটিকুমরুলে নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার সৈয়দগাতি গ্রামের আ. হামিদের মেয়ে রেহানা খাতুন (২৪), সলঙ্গা থানার বড়গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬), রজব আলী (৫০) ও কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামের আবদুল হামিদ (৬০)। তালগাছিতে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাস হাটিকুমরুল গোলচত্বরের পশ্চিম পাশের বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি মহাসড়কের ডান পাশ দিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০-১২ জন পথচারীকে চাপা দিয়ে উল্টে পাশের একটি মার্কেটের সামনে গিয়ে পড়ে। এতে তিনজন পথচারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন। তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
অপরদিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডের উত্তর পাশে শুক্রবার ভোর রাতে শাহজাদপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারী আহত হন। তাঁকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।