সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় এলাকায় গতকাল রোববার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ডিপজল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের কাশেম মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম (৩৫) ও অজ্ঞাত একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মাসুম (৪) নামের এক শিশু প্রাণ হারায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহত যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।