সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার নামের স্থানে তিনটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। এদিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদরের চণ্ডীদাসগাতীতে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। আহত হয়েছে আরও একজন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর এলাকার ট্রাকচালক হাসান আলী (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাকচালক নুর ইসলাম (৪০)। অন্য ঘটনায় প্রাণ হারিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী গ্রামের আবদুল লতিফের ছেলে চণ্ডীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বায়েজিদ হোসেন (৯)।
থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঢাকাগামী অন্য একটি পেঁয়াজবোঝাই ট্রাক পেছন থেকে এসে সজোরে ধাক্কা খায়। ত্রিমুখী সংঘর্ষে তিনটি ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুটি ট্রাকের কেবিনে চাপা পড়ে দুই চালক হাসান ও নুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে নিহত দুজনসহ আহত চারজনকে উদ্ধার করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পঞ্চগড় জেলার সাইফুল ইসলাম (৪০), নিজামউদ্দীন (৩৬), রাজশাহী জেলার রাজীব শেখ (৩০) ও মহসিন আলী (৩৬)। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।
অন্যদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতী কবরস্থানের কাছে দ্বিতীয় শ্রেণির ছাত্র রাব্বি ও বায়েজিদকে চাপা দিয়ে ট্রাকটি রাস্তার পাশে পরে যায়। এ ঘটনায় দুজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে বায়েজিদ মারা যায়। রাব্বিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।