সিরাজগঞ্জে সাপের কামড় ও বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় গত তিন দিনে বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও সাপের কামড়ে শিশুসহ পাঁচজন মারা গেছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এর মধ্যে পানিতে ডুবে মারা গেছে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামের আবদুল আওয়ালের ছেলে নীরব (৬), দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হজরত আলী (৮), উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের আলামিন হোসেনের ছেলে ফাহিম হোসেন (২)।

সাপের কামড়ে মারা গেছে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকোয়াদিঘী গ্রামের জিয়াউর রহমানের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (৮)। আর বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছেন বেলকুচি উপজেলার বরধুল ইউনিয়নের ভেন্নবাড়ি গ্রামের মনসের আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবার সঙ্গে পুকুরে জাল দিয়ে বেড়া দিচ্ছিল।

এ সময় তাকে সাপে কামড় দেয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার নীরব বাড়ির পাশে বন্যার পানিতে নেমে নিখোঁজ হয়।

পরে তার লাশ ভেসে ওঠে। শিশু হজরত আলী বাড়ির পাশের ডোবায় অন্য শিশুদের সঙ্গে গোসল করার সময় একপর্যায়ে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেন। একই দিন সন্ধ্যায় শেরনগর এলাকায় শহিদুল একটি পাওয়ারলুম কারখানায় বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ জানান, গত বুধবার বিকেলে শিশু ফাহিমকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশে বন্যার পানিতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।