সিরাজগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়ে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পর সিভিল সার্জনসহ ছয়জন কর্মকর্তা-কর্মচারী গতকাল বৃহস্পতিবারও অনুপস্থিত ছিলেন। এ কারণে প্রায় এক সপ্তাহ ধরে কার্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।ঘুষের টাকা দেওয়ার পরও চাকরি না পাওয়া প্রার্থীরা টাকা ফেরত নেওয়ার জন্য প্রতিদিনই কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের খুঁজছেন। অনেকে টাকা ফেরত না পেয়ে মামলা করছেন। গত বুধবারও এ বিষয়ে আরও দুটি পৃথক মামলা হয়েছে।প্রসঙ্গত, তিন লাখ টাকা উৎকোচ দিয়েও চাকরি না হওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থানায় প্রথম মামলাটি করেন লক্ষ্মী রানী নামে আয়া পদের একজন চাকরিপ্রার্থী। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় রেজাউল করিম ও প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত এবং নিয়োগ কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পর থেকে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে অনুপস্থিত থাকেন। গত বুধবার সিভিল সার্জন মো. নাজিমুদ্দিন খান ছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু অন্য কর্মকর্তা-কর্মচারীরা অননুমোদিতভাবে কার্যালয়ে গতকালও উপস্থিত হননি। সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল দুই সপ্তাহ ধরে প্রশাসনিক কর্মকর্তা, প্রধান সহকারী, হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী ও অফিস সহকারীর আলমারিতে আটকে রয়েছে। যে কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ দৈনন্দিন সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। প্রতি মাসের ২০ তারিখের মধ্যে বেতন বিল প্রস্তুত করা হলেও এ মাসের বেতনের কাগজ প্রস্তুত করা যাচ্ছে না।কার্যালয়ে অচলাবস্থা বিরাজ করার কথা স্বীকার করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল ফারেজ জানান, গুরুত্বপূর্ণ পদে কর্মরত মোক্তার হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল করিম, শাহ আলম ও হুমায়ুন কবির অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। কোনো রকমে জোড়াতালি দিয়ে অফিস চালানো হচ্ছে। অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ওই কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে বিভাগীয় পরিচালককে জানানো হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী জানান, নিয়োগ-বাণিজ্য নিয়ে গত বুধবারের দুটিসহ এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।