সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গৃহবধূ ফরিদা খাতুন হত্যা মামলায় তাঁর স্বামী আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাছান এই রায় ঘোষণা করেন। আল আমিনের বাড়ি কাজীপুর উপজেলার শালদহ গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ মে আল আমিন শ্বশুরবাড়ি থেকে ৪০ হাজার টাকা এনে দিতে ফরিদাকে চাপ দেন। এতে অপারগতা প্রকাশ করলে ফরিদার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। এতে ফরিদা মারা যান। পরে আল আমিন ও তাঁর পরিবারের লোকজন ফরিদার মুখে কীটনাশক ঢেলে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন। এ ঘটনায় ফরিদার বাবা খোকা শেখ কাজীপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলা নেয়নি। পরে তিনি ২০১১ সালের ২ জুলাই সিরাজগঞ্জ আদালতে মামলা করেন।
শুনানি শেষে গতকাল আল আমিনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।