সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ইমান আলী শেখ গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত এনামুল হক (৩০) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালে এনামুল হকের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে কল্পনাকে প্রায়ই মারধর করতেন এনামুল।
২০১১ সালের ১৮ মে এনামুল আট মাসের অন্তঃসত্ত্বা কল্পনাকে মারধর করেন। এরপর তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে
যান।
হত্যাকাণ্ডের ঘটনায় কল্পনার চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ মো. সিদ্দীকুল ইসলাম পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল সোমবার আদালত এ রায় দেয়।