সিরাজগঞ্জে স্পার সংস্কারে কোনো উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভিন্ন সময়ে স্পার নির্মাণ করে দেয়। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না করায় ১২টির মধ্যে সাতটি স্পার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি পাঁচটির অবস্থাও নাজুক। এখনই সংস্কার করা না হলে আগামী বর্ষায় বাকি স্পারগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে একদিকে সরকারের কোটি কোটি টাকা যেমন গচ্চা যাবে, তেমনই যমুনার ভাঙনের পরিধিও বাড়বে। সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙন থেকে এ জেলাকে রক্ষার জন্য ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত নদীর পশ্চিম তীরে কাজীপুর উপজেলার মেঘাই থেকে চৌহালী উপজেলার এনায়েতপুর পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ১২টি স্পার নির্মাণ করা হয়। ওই সময়ে প্রতিটি স্পার নির্মাণকাজে প্রায় ১০ কোটি টাকা করে ব্যয় হয়। নির্মাণের পর স্পার থেকে ধসে যাওয়া মাটি ভরাট করে সংস্কার করা হয়। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্পারগুলো সংস্কারের জন্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ২০০৪ সাল থেকে স্পারগুলো থেকে মাটি ধসে যাওয়া শুরু করে। ২০০৮ সাল পর্যন্ত সাতটি স্পার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার মধ্যে রয়েছে শুভগাছা-১ ও ২, মেঘাই-১, শিমলা-১ ও ৩ সহ সাতটি স্পার। বর্তমানে বেতিল, এনায়েতপুর, মেঘাই-২, সিঙ্গাবাড়ী ১ ও ২—এই পাঁচটি স্পারের মধ্যে তিনটি স্পারের মাটির স্যাঙ্কে ধস নেমে তা স্পার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।পাউবো সূত্র আরও জানায়, স্পারগুলো নির্মাণ করায় এসব এলাকায় নদীভাঙন রোধ হয়। স্পারের উভয় পাশে চর জেগে ওঠে। ভাঙন রোধের পাশাপাশি আবাদি জমি বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে ধসে যাওয়া স্পারগুলোর আশপাশে এবং সদর উপজেলার খলিশাকুড়া, সিমলা, মোল্লাবাড়ী, কাজীপুরের মাইজবাড়ীসহ আটটি এলাকায় নদীর পশ্চিম তীরে ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, ‘সঠিক সময়ে স্পারগুলো সংস্কার করা হলে ভাঙন রোধের পাশাপাশি জেগে ওঠা আবাদি জমিগুলোও স্থায়ী হতো। এ ছাড়া সরকারের কোটি কোটি টাকা গচ্চা যেত না। এখন যদি ক্ষতিগ্রস্ত স্পারগুলো সংস্কার করা না হয়, তাহলে স্থায়ী বাঁধ নির্মাণ করেও এই ভাঙন ঠেকানো যাবে না।’সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় কুমার চাকমা জানান, বিগত সময়ে নির্মিত স্পারগুলোর ভবিষ্যৎ নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজাহার আলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে তিনি নিজেও সদস্য হিসেবে রয়েছেন। স্পারগুলো মেরামত করতে অনেক টাকা খরচ হবে। তাই নদীর তীর সংরক্ষণ বাঁধের দিকে নজর দেওয়া হয়েছে। তার পরও যে স্পারগুলো রয়েছে, এগুলো সংস্কার করা হলে আরও বেশি সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। নির্বাহী প্রকৌশলী আরও জানান, ক্ষতিগ্রস্ত স্পারগুলো এখনই মেরামত ও সংস্কার করা না গেলে আগামী বর্ষায় এগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।