সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভোররাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়।পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জিদান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেঙ্গুয়ারপাড়া গ্রামের আবুল হোসেন (৩০) নিহত ও ১১ জন আহত হন। আহত যাত্রী কামরুল ইসলামকে (৪০) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামকী গ্রামে। অন্যদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক খায়রুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন (৫০) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ ও পাঁচটি গাড়ি ভাঙচুর করে।