সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দাবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী কোচ মোটরসাইকেলকে চাপা দিলে দুই ছাত্র নিহত এবং এক ছাত্র আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতে ছাত্ররা হলেন ঢাকার উত্তর বাড্ডা এলাকার আবুল হাশেমের ছেলে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক আহমেদ (২২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকাদই গ্রামের আবদুল মালেকের ছেলে এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র আকাশ হোসেন (২১)। আহত হয়েছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দা ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোমেন উদ্দীন (২৩)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল প্রথম আলোকে জানান, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বন্দর এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ১০-১৫ জন বন্ধু পাল্লা দিয়ে শাহজাদপুরে যাচ্ছিলেন। মোটরসাইকলেগুলো দাবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের কোচ সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকলের চালক অনিক ও আরোহী আকাশ নিহত হন। অপর আরোহী মোমেন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। প্রথমে তাঁকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-পাবনা সড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
অন্য একটি মোটরসাইকেলে থাকা সৌরভ হোসেন জানান, হতাহতরা মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজাদপুরে বন্ধুদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।