সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন মাহমুদুল ইসলাম (২২) ও অজ্ঞাত এক ব্যক্তি।নিহত মাহমুদুল নওগাঁর মান্দা উপজেলার শরিফুল ইসলামের ছেলে এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, মাহমুদুল ইসলাম ঢাকা থেকে মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। গতকাল বেলা একটার দিকে তিনি বঙ্গবন্ধু সেতু পার হয়ে সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ পৌঁছালে বৃষ্টির মধ্যে একটি দ্রুতগামী বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দিন ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের কাছে কাঠবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।