সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুত্রসহ নিহত ৩
সিরাজগঞ্জের মুলিবাড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্ত্রী পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০), তার স্ত্রী মাহফুজা খাতুন (২৩) ও তাদের আট বছর বয়সী একমাত্র পুত্র সন্তান। তবে সন্তানের নাম জানা যায়নি।
ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পালিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাবুল হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইল শাখায় কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাবুল স্ত্রী ও পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঈদের ছুটিতে টাঙ্গাইল থেকে বাড়ি যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছালে পাবনা এক্সপ্রেস পরিবহন নামের পাবনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের মুঠোফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।