সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত
সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায়শিশুসহ চারজন নিহত হয়েছে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল সোমবার সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের বেলকুচি উপজেলার নাগগাঁতী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই দ্রুতগামী একটি ট্রাক শিশু সফিকুল ইসলামকে (৫) চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সফিকুল নাগগাঁতী গ্রামের আখতার হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গতকাল দুপুরে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার গোজা সেতুর পাশে মোটরসাইকেলের আরোহীকে বাঁচাতে গিয়ে নওগাঁ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী রিকশাভ্যানকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আবদুল মজিদ ও মাইক্রোবাসের যাত্রী অস্ট্রেলিয়া-প্রবাসী নুরুল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। মজিদের বাড়ি সলঙ্গা থানার নন্দকুশা গ্রামে এবং নুরুল হকের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামে। তাঁর গতকাল রাতে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। ওসি আরও জানান, রোববার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত বাস পপি খাতুন (২৫) নামের এক নারীকে চাপা দিয়ে চলে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোর রাতে তিনি মারা যান।পপি রায়গঞ্জ উপজেলার কোদালকাঠি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। উভয় ঘটনায় বেলকুচি ও হাইওয়ে থানায় পৃথক মামলা করা হয়েছে।