সিরাজগঞ্জে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান এই রায় ঘোষণা করেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় একজন ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার শেরপুর উপজেলার হোসনাবাদ গ্রামের মো. দুদু প্রামাণিক (৩০), জিয়াউর রহমান (৩৫), মো. জহুরুল ইসলাম (৪০), মো. আবদুস সামাদ (৩৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামের মো. কালাম মিয়া (৪০), গ্রামপাঙ্গাসী গ্রামের শামীম হোসেন (৩৮) (পলাতক), মো. রব্বানী (৩৬) ও মো. মিন্টু মিয়া (৪২)। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন গ্রামপাঙ্গাসী গ্রামের হিরালাল রবিদাস, সুবল চন্দ্র দাস, হিরালালের ছেলে অরুণ চন্দ্রদাস। তাঁরা তিনজনই গ্রামপুলিশ।

জানতে চাইলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান বলেন, মুঠোফোন চুরির অভিযোগে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত একটার দিকে ইব্রাহীম খলিলকে তাঁর বাড়ি থেকে টেনেহিঁচড়ে গ্রামপাঙ্গাসী বাজারে আজাদ মজলিশ ক্লাবে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১১ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে গতকাল রায় ঘোষণা হয়।