সিরাজগঞ্জে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী গ্রামে শাশুড়িকে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সৎছেলের স্ত্রী আফরোজা খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর জিধুরী গ্রামের শেখ সুলতানের স্ত্রী রাবেয়া বেগম খুন হন। এ ঘটনায় পরদিন শেখ সুলতান তাঁর ছেলে মালেকের স্ত্রী আফরোজা খাতুনকে প্রধান আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা করেন। হত্যা ঘটনার পর থেকে আফরোজা পলাতক ছিলেন। ঢাকা থেকে গতকাল তাঁর বেলকুচি উপজেলার দমদমা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আসার কথা ছিল। পুলিশ তাঁর আসার খবর পেয়ে সয়দাবাদ এলাকায় অবস্থান নেয়। সেখানে আসার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দাবি করেন, গ্রেপ্তারের পর পুলিশের কাছে আফরোজা খুনের কথা স্বীকার করেছেন। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।