সিরাজগঞ্জে হরতালে ককটেল, ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জেলা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। হরতালে ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের শুরুতেই সকাল পৌনে সাতটার দিকে শহরের এস বি ফজলুল হক রোডের টুকু ব্রিজ এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-সমর্থকেরা। এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের একটি গুলি ছোড়ে। এ ছাড়া শহরে হরতালের সমর্থনে কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। জেলা বিএনপির কার্যালয়ও সকাল ১০টা পর্যন্ত বন্ধ দেখা গেছে।

তবে এনায়েতপুর উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশা ও একটি রিকশা এবং উল্লাপাড়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি রিকশা ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এদিকে বাসস্ট্যান্ড থেকে আন্তজলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু রিকশা-ভ্যান চলাচল করছে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শুধু বাজারের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরাও টহল দিচ্ছেন। 

গত রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতা হাবিবে মিল্লাতের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে ওই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে একটি মামলা করে। এরপর তাঁদের ধরতে বিএনপির নেতাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এর প্রতিবাদে আজ মঙ্গলবার এই অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। পরে এই হরতালে সমর্থন দেয় জেলা জামায়াত।