সিরাজগঞ্জে হরতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার বিএনপির ডাকা আধা বেলা হরতালে কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার দলীয় মিছিলে ‘পুলিশের হামলা ও ওই দিন রাতে তল্লাশির নামে নেতা-কর্মীদের বাড়ি তছনছ ও ভাঙচুর এবং ৩০ জনকে আটকের’ প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল।

হরতালের সমর্থনে শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকাল ছয়টার দিকে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। হরতালের কারণে এই টার্মিনাল ও শহরের অন্য কাউন্টারগুলো থেকে অভ্যন্তরীণ এবং ঢাকাসহ দূরপাল্লার কোনো পথে বাস ছেড়ে যায়নি। শহরে রিকশা চলাচল করলেও ট্রাক বা অন্য যানবাহনও চলতে দেখা যায়নি। অধিকাংশ দোকানপাট ও বিপণিবিতান ছিল বন্ধ।

হরতাল চলাকালে শহরের কাঁচাবাজার এলাকায় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে এবং বড়বাজার ও এস এস রোড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। পুলিশ একটি রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন স্থান থেকে তিন পিকেটারকে আটক করে পুলিশ।

সকালে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। চৌহালী উপজেলার এনায়েতপুরে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

জেলা আওয়ামী লীগের তরফে সংবাদ সম্মেলন করে হরতাল প্রতিহতের ঘোষণা দেওয়া হলেও   তাদের হরতালবিরোধী মিছিল ছাড়া তেমন তৎপরতা দেখা যায়নি। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।