সিরাজগঞ্জে হাইব্রিড ধানের শিষ ছত্রাকে আক্রান্ত হচ্ছে
সিরাজগঞ্জে তিন হাজার হেক্টর জমিতে আবাদ করা হাইব্রিড মধুমতি-২ জাতের ধানগাছের শিষ ছত্রাক আক্রান্ত হয়েছে। এতে ধানের শিষ মরে সাদা হয়ে যাওয়ায় ধান চিটে হয়ে যাচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আবদুর রহমান বলেন, জেলার সব উপজেলায় হাইব্রিড জাতের মধ্যে মধুমতি-২ জাতের ধানগাছ ছত্রাক আক্রান্ত হয়েছে। জেলায় মোট সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মধুমতি-২ জাতের আবাদ হয়েছে প্রায় তিন হাজার হেক্টরে। কৃষি বিভাগের সব প্রতিনিধিদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। কীটনাশক ছিটানোর পর রোগ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালকের কার্যালয় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে অনেক কৃষক হাইব্রিড মধুমতি-২ জাতের ধান অবাদ করেন। ইউনাইটেড সিড স্টোর, ১৫ গ্রিন রোড, ঢাকা থেকে এ বীজ সরবরাহ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার চর বাংগালা গ্রামের হাফিজুর রহমান জানান, ধানগাছের শিষ সাদা রং ধারণ করেছে। এভাবে তাঁর চার বিঘা জমির ধানগাছ মরে যাচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত বছর হাইব্রিড মধুমতি-২ জাতের ধানের ভালো ফলন হওয়ায় এবার কৃষকেরা এ ধান বেশি করে আবাদ করে ছিলেন। রাতে ঠান্ডা ও দিনে অত্যধিক গরম অবহাওয়াই ছত্রাক রোগের লক্ষণ। সাধারণত বীজ ও মাটি এ রোগের প্রধান বাহক হিসেবে কাজ করে। মধুমতি-২ জাতের ধানেই এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ জাতের ধানগাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হতে পারে। তবে ইতিমধ্যে অনেক খেতে কীটনাশক ছিটিয়ে ছত্রাক নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ক্ষেত্রে বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান কীটনাশক ও ছিটানোর যন্ত্র সরবরাহ করছে।বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধানগাছে ছত্রাক ধরা পড়ার পর কীটনাশক ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের তাঁরা সার্বিক সহযোগিতা দিচ্ছেন বলে দাবি করেন তিনি।