সিরাজগঞ্জে হিউম্যানহলার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিউম্যানহলার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের জংলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আবদুল মালেক জোয়াদ্দার (৫০), লিটন হোসেন (৩৫) ও অটোরিকশার চালক সাইফুল ইসলাম। তাঁদের মধ্যে আবদুল ও লিটনের বাড়ি শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামে। আর সাইফুলের বাড়ি গঙ্গাপ্রসাদ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিকশাটি শাহজাদপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে হাটিকুমরুল গোলচত্বরে যাচ্ছিল। মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জংলীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবদুল মালেক জোয়াদ্দার নিহত হন। চালক সাইফুল, আবদুল মতিন শেখ, লিটন হোসেনসহ বাকি যাত্রীদের চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে লিটন মারা যান। ঢাকায় পাঠানোর পথে চালক সাইফুল ইসলাম মারা যান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, হিউম্যানহলারটি আটক করা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।