সিরাজগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে মহল্লাবাসীর সংঘর্ষ
সিরাজগঞ্জে হেফাজতে ইসলামের মিছিলে ঢিল ছোড়াকে কেন্দ্র করে পৌর এলাকার মাহমুদপুর মহল্লাবাসীর সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, গতকাল জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর দক্ষিণপাড়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের একটি মিছিল বের হয়। একই মহল্লার উত্তরপাড়ায় পৌঁছালে কে বা কারা মিছিলটি লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে মহল্লাবাসীর সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।