সিরাজগঞ্জে ১২ কি.মি. যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের নলকা সেতুর বিটুমিন ও লোহার পাত উঠে যাওয়ায় এবং সড়কে গাড়ি বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ১২ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছয় ঘণ্টা পর সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ফুলজোড় নদীর ওপর নির্মিত নলকা সেতুর বিটুমিন ও সেতুর আটটি স্থানের সংযোগস্থলের লোহার পাত উঠে যায়। একই কারণে সেতুর ওপর খানাখন্দের সৃষ্টি হয়। এর ফলে বুধবার দিবাগত রাত চারটা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত কোনাবাড়ি থেকে হাটিকুমরুল গোল চক্কর দীর্ঘ যানজট দেখা দেয়।
ট্রাকচালক দুলাল হোসেন জানান, পুলিশ সড়ক থেকে বিকল হয়ে যাওয়া তিনটি ট্রাক সরিয়ে নিলে সড়ক ও জনপথ বিভাগ সেতুতে সংস্কারকাজ শুরু করে। সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন জানান, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা হবে।