সিরাজগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা গতকাল রোববার বিকেলে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রায় ১০ মিনিট সিরাজগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের অনুরোধে পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার ভারাঙ্গা মাদ্রাসা মাঠে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।বিএনপির স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির চার নেতার মুক্তি ও কাজিপুরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেল চারটার দিকে উপজেলার কড্ডার মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ জন্য গত শনিবার সকাল থেকে মাইকিং করে তারা। এদিকে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে, একই সময়ে সমাবেশ আহ্বান করে। তারা শনিবার রাত থেকে মাইকিং করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন গতকাল সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কড্ডার মোড়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি এবং সমাবেশস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।জানা যায়, সভায় যোগ দিতে জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে কড্ডার মোড় এলাকায় যান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া পুলিশ নিয়ে তাঁদের বাধা দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর নেতা-কর্মীরা ওই মোড়ে সিরাজগঞ্জ-ঢাকা সড়কে বসে পড়েন। এতে সড়কের দুই পাশে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট ও পুলিশের অনুরোধে ১০ মিনিট পর নেতা-কর্মীরা সড়ক থেকে সরে পার্শ্ববর্তী কামারখন্দের ভারাঙ্গা মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও আমরা তা ভঙ্গ করে সমাবেশ করেছি।’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা গণতন্ত্র হত্যা করে দেশে আবার একদলীয় স্বৈরশাসন কায়েম করতে চায়। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা করে নির্যাতন করছে। সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এই সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন।’ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, সহসভাপতি আজিজুর রহমান প্রমুখ। যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান জানান, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভা বানচাল করতে বিএনপি পাল্টা সমাবেশ ডাকে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বিএনপির কর্মসূচির ব্যাপারে সদর থানার ওসি ওয়ারেছ মিয়া জানান, বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলা থেকে সরে কামারখন্দ উপজেলা সীমানায় গিয়ে সভা করেছেন। সেখানে তাঁরা মাত্র কয়েক মিনিট উপস্থিত ছিলেন।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন জানান, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা আমাকে জানিয়েছে, বিএনপির নেতা-কর্মীরা কড্ডার মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা চলে যান এবং কোনো ধরনের সমাবেশ হয়নি।