সিরাজগঞ্জে ১৫ দিনে ১০ বাড়িতে ডাকাতি, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহাজাদপুর থানার সীমান্তবর্তী ছয়টি ইউনিয়নের গ্রামগুলোতে গত ১৫ দিনের ব্যবধানে ১০টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন থানার সীমান্তবর্তী খুকনী, দৌলতপুর, গোপালপুর, ধুকুরিয়া বেড়া, রায় দৌলতপুর এবং জালালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০টি বাড়িতে পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কক্ষে প্রবেশ করে। এর পর পরই ডাকাতদলের ৩০-৪০ জন সদস্য বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ২০ জন আহত হন।আহতদের মধ্যে খামারপাড়া মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র খুকনী গ্রামের মনিরুল ইসলাম ও আটার দাগ গ্রামের আতিয়ারের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তিরা জানান, গত ১৩ জানুয়ারি খুকনী গ্রামে ডাকাতি করে ফেরার সময় গ্রামবাসী ধাওয়া করলে ডাকাতেরা চারটি গুলি করে ও পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খুকনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের সদস্য বনি আমিন বলেন, গত ১৫ দিনে খুকনীসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের ১০টি বাড়িতে ডাকাতি হয়েছে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি প্রতিরোধ করার জন্য একটি দল গঠন করে গ্রামগুলোতে পাহাড়া দেওয়া হচ্ছে।ডাকাতির ঘটনার কথা স্বীকার করে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বলেন, ডাকাতি রোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। গণসচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় লোকজনদের সঙ্গে সভা-সমাবেশ করা হচ্ছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে তিন থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।