সিরাজগঞ্জে ৩ গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তিন উপজেলার তিন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঁদের মধ্যে বিষপানে একজনের মৃত্যু হয়। বাকি দুজনের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়।মৃত গৃহবধূরা হলেন উল্লাপাড়া উপজেলার বজরাপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের স্ত্রী আম্বিয়া খাতুন ওরফে রানী (১৮), রায়গঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাহেদ আলীর স্ত্রী খদিজা খাতুন (২৮) ও শাহজাদপুর উপজেলার চরগুদিবাড়ী গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (২৪)।পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উল্লাপাড়ার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষপানে মারা যাওয়া রানীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, আবদুল মান্নান দুই বছর আগে নিজের প্রথম বিয়ের কথা গোপন রেখে রানীকে বিয়ে করেন। মান্নানের আরেক স্ত্রী আছে জেনে রানী মান্নানের কাছে প্রথম বিয়ের কথা গোপন রাখার কারণ জানতে চান। এ নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁর (রানী) ঝগড়া হলে মান্নান ও মান্নানের মা-বাবা তাঁকে নির্যাতন করেন। এর জের ধরে গত সোমবার দুপুরে রানী কীটনাশক পান করেন। ওই দিন সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় রানীর বাবা আয়নাল হক উল্লাপাড়া থানায় মামলা করেন। তিনি মান্নান ও তাঁর মা-বাবার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন। পুলিশ মান্নানকে গ্রেপ্তার করেছে।শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, চরগুদিবাড়ি গ্রামের রুবেল ও তাঁর স্ত্রী হাজেরার মধ্যে গত সোমবার সন্ধ্যায় ঝগড়া হয়। গতকাল সকালে স্বামীর বাড়িতে ঘরের আড়ার সঙ্গে হাজেরার লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ তা উদ্ধার করে। হাজেরার বাবা মফিজ উদ্দিন মামলা করেছেন। এজাহারে বলা হয়, রুবেল তাঁর মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন। রুবেল পলাতক।এদিকে রায়গঞ্জের সলঙ্গা থানার ওসি ফায়জুল ইসলাম জানান, জগন্নাথপুর গ্রামের খাদিজা খাতুনের ফাঁস লাগানো লাশ তাঁর ঘরের আড়ায় ঝুলছিল। খাদিজার বাবা আবদুল খালেক অভিযোগ করেন, খাদিজাকে তাঁর স্বামী সাহেদ আলী পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন। সাহেদ আলী পলাতক।