সিরাজগঞ্জে ৩০০ ঘরবাড়ি বিলীন, হুমকিতে স্পার
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনার ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত পাঁচ দিনের ভাঙনে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রায় ৩০০ ঘরবাড়ি এবং কয়েক হাজার একর জমি নদীতে বিলীন হয়ে গেছে।ভাঙনের কারণে এনায়েতপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্পারটি হুমকির মুখে পড়েছে। এই স্পারটি ভেঙে গেলে এর পার্শ্ববর্তী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এনায়েতপুর মাজার শরিফসহ অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী জানায়, শুক্রবার থেকে পাউবোর এনায়েতপুর স্পারের উত্তর ও দক্ষিণ পাশে ব্যাপক ভাঙন শুরু হয়। গত পাঁচ দিনে এনায়েতপুর থানাধীন চানপুর, মাইজগ্রাম, তেবাড়িয়া, বেতিল চর, এনায়েতপুর চর, ধুইল্যাবাড়ী গ্রামের তিন শতাধিক বাড়িঘর এবং কয়েক হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে নদীর পশ্চিম তীরবর্তী বিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ১০ মিনিটের মধ্যে নদীগর্ভে চলে যায়। স্পারের উত্তর পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পাউবো কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ভাঙনের বিস্তৃতি ঘটছে।পাউবো সূত্র জানায়, নদীর গতি পরিবর্তনের কারণে এনায়েতপুর স্পার এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। উজানে পানির প্রবাহ বাড়ায় স্পারের পাকা অংশের নিচ থেকে ব্লক সরে গেছে।সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান এনায়েতপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে বলেন, যমুনা নদীর গতি-প্রকৃতির ওপর দৃষ্টি রেখে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য পাউবোর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাউবো দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, তীর থেকে পূর্ব দিকে নদীর ভেতরে চর পড়ায় পানি ধাক্কা খেয়ে পশ্চিম তীরে আঘাত করছে। এ কারণে ভাঙন তীব্র হয়েছে। স্পারটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।