সিরাজগঞ্জের এক সড়কে বাস চলছে না আড়াই মাস
প্রায় আড়াই মাস ধরে সিরাজগঞ্জ-সোনামুখী আঞ্চলিক সড়কের মেঘাই থেকে সোনামুখী পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে প্রতিদিন কয়েক হাজার যাত্রীর ভোগান্তি পোহাতে হচ্ছে।যাত্রীদের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সোনামুখী বাসস্ট্যান্ডের পাশে একটি করাতকলের সামনে বাস রাখাকে কেন্দ্র করে করাতকলের মালিক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে স্থানীয় নছিমনের চালকেরাও এই সংঘর্ষে লিপ্ত হন। এই ঘটনার পরদিন আলম নামের এক ব্যক্তি নছিমনে করে ওই করাতকলের কাঠ নিয়ে সিরাজগঞ্জে এলে বাসের শ্রমিকেরা তাঁকে মারধর করে আটকে রাখেন। এর পর থেকে সিরাজগঞ্জের বাসশ্রমিকেরা ওই সড়কে বাস চলাচল বন্ধ রাখেন। ফলে এই সড়ক দিয়ে সরাসরি ধুনট হয়ে বগুড়া ও সিরাজগঞ্জ সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।সোনামুখী এলাকার উজ্জ্বল মেহেদী ও আমির আলী বলেন, সোনামুখী থেকে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এই এলাকার লোকদের ঢাকায় যেতে ভোগান্তি পোহাতে হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, বিষয়টি মীমাংসায় পুনরায় আলোচনায় বসা হবে।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর এ আলম বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় নছিমন ও ভটভটি চলছে। এ ছাড়া বাসের মালিক ও শ্রমিকেরা আমাদের মীমাংসার বিষয়ে কোনো কিছু বলেননি।’