সিরাজগঞ্জের কওমী জুট মিল নতুন নামে চালু হচ্ছে কাল
সিরাজগঞ্জের বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাটকল কওমী জুট মিল আবার চালু হচ্ছে ‘জাতীয় জুট মিলস’ নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার এসে আনুষ্ঠানিকভাবে পাটকলটি চালু করার ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে রাষ্ট্রীয় মালিকানার এই পাটকলের নাম ছিল ‘কওমী জুট মিল’। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমান সরকার সেটি আবার চালু করে। তবে আগের নাম বাদ দিয়ে এটির নাম রাখা হয় ‘জাতীয় জুট মিলস’। ইতিমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে কারখানাটি চালুর ঘোষণা দেওয়া হয়নি।এদিকে, প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন নাম ঘোষণা না করলেও তাঁর আগমন উপলক্ষে পাটকলের পক্ষ থেকে যে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে, তাতে এর নাম ‘জাতীয় জুট মিলস’ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সচিব মো. আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরিবর্তিত নাম উল্লেখ করে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। প্রধানমন্ত্রী শনিবার উদ্বোধন করার পর পরিবর্তিত নামে পাটকলটি পরিচালিত হবে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, পাটকলের পক্ষ থেকে যে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে, তাতে নতুন নাম উল্লেখ করা হয়েছে। তবে তাঁরা সরকারিভাবে এ বিষয়ে কোনো চিঠিপত্র পাননি।