সিরাজগঞ্জের চার হাজার একর জমিতে নয় মাস জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রায় চার হাজার একর জমি বছরের নয় মাসই জলাবদ্ধ থাকে। এ কারণে এসব জমি একফসলিতে পরিণত হয়েছে। জলাবদ্ধতা দূর করতে দুই কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার দেশীগ্রাম, মাধাই নগর, রায়গঞ্জের ধামাই নগর ও সোনাখাড়া এই চারটি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় চার হাজার একর জমি বছরের নয় মাস জলাবদ্ধ থাকে। ১২ বছর আগে সিরাজগঞ্জের এই এলাকাসহ পার্শ্ববর্তী বগুড়ার শেরপুর উপজেলার চারটি ইউনিয়নের কয়েক হাজার একর জমি জলাবদ্ধতার কবলে পড়ে। এর আগে জলাবদ্ধতা নিরসনে আশির দশকে সরকারি অর্থায়নে বগুড়ার শেরপুর উপজেলার জাংগালিয়া থেকে খাল কাটা শুরু হয়। খালটি তাড়াশ-রায়গঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দোস্তপাড়া গ্রাম পর্যন্ত এসে বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানি এই স্থানে বাধাগ্রস্ত হওয়ায় তাড়াশের দোস্তপাড়া, ধূলিরসাইর, বিলাশপুর, কুমাল্লু, জন্তিহার, শাকমাল, মোহার গ্রাম, শীতল পাড়, পুল্লা, রায়গঞ্জ উপজেলার গোথিতা, বাকাই, সারুটিয়া, জোতপাড়া, ধলজান, চন্দ্রিভোগসহ ২০টি গ্রামের প্রায় চার হাজার একর জমি জলাবদ্ধতার কবলে পড়ছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এসব জমি বছরের নয় মাসই পানিতে ডুবে থাকছে। এসব জমিতে ইরি-বোরো ধান ছাড়া আর কোনো ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। আবার কোনো কোনো বছর অতিবৃষ্টির কারণে ইরি-বোরো ধানও কৃষকেরা ঘরে তুলতে পারেন না। দোস্তপাড়া গ্রামের বিশা তালুকদার বলেন, ‘বৃষ্টি আর ঢলের পানি জমে গ্রামের সব রাস্তা ডুবে যায়, গ্রামের অধিকাংশ বাড়িঘরে পানি উঠে যায়। চলাফেরা কঠিন হয়ে পড়ায় জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। জলাবদ্ধতার কারণে আমরা রবিশষ্যসহ শীতকালীন কোনো শাকসবজি আবাদ করতে পারি না।’ সোনাখাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাশেম জানান, পাঁচ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে একটি খাল খনন প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। ব্যক্তিমালিকানার জমির ওপর দিয়ে খাল কাটতে হবে এই বিষয়টি উল্লেখ করে প্রধান কার্যালয় তা অনুমোদন করেনি। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জলাবদ্ধতার কথা স্বীকার করে জানান, বেশ কয়েকটি প্রকল্প ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এগুলো অনুমোদন পেলে এবং বরাদ্দ এলে ওই সব এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, কয়েক বছর ধরে এই এলাকার প্রায় চার হাজার একর জমি জলাবদ্ধতার শিকার। কোনো বছর পানি শুকিয়ে গেলে রবিশস্য আবাদ করা হয়। জলাবদ্ধতার বিষয় নিয়ে বেশ কয়েকবার উপজেলার মাসিক সভায় আলোচনা হয়েছে। এ ব্যাপারে খাল খনন প্রকল্প তৈরি করে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদনের পথে রয়েছে। আশা করি, অচিরেই খাল খননের কাজ শুরু হবে। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোফাজ্জল করিম জানান, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে সঠিকভাবে অবগত হতে পারিনি।’