সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুরিয়া খানপাড়া নামক স্থানে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের লেগুনাচালক তৌহিদুল ইসলাম (২৫), কামারখন্দ উপজেলার কাজুরপাড়া গ্রামের মোকছেদ আলী (৬২), উল্লাপাড়া উপজেলার গদাই গ্রামের নুরনবী খান (৬৫), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নতুনপাড়া গ্রামের সংবাদপত্র পরিবহনের লাইনম্যান আসাদ উদ্দিন (৩৯) ও রাজশাহী বিমানবন্দর এলাকার বাতাশী (৩০)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, হামকুরিয়া খানপাড়া স্থানে দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লেগুনার (ঢাকা মেট্রো-ছ-১১-২৭১৫) পেছনের চাকা ফেটে গেলে বাঁশবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় লেগুনাটি। রাস্তায় ছিটকে পড়ে যাত্রীরা। অন্যদিকে ট্রাকটি রাস্তার ডান পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে লেগুনার চালক তৌহিদুলের মৃত্যু হয়। আহত অন্যদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।