>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বাগবাটি ইউনিয়নের নিভৃত গ্রাম হরিনা, বাগবাটি ও আলোকদিয়া। ১৯৭১ সালের ২৭ মে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামগুলোতেই ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। ১৭৫ জন প্রাণ হারান পাকিস্তানি সেনাদের গুলিতে। নির্যাতনের শিকার হন অনেক নারী।
এই বিভীষিকার প্রত্যক্ষদর্শী ৭০ বছর বয়সী রতন চন্দ্র শীলের সঙ্গে সম্প্রতি কথা হয়। তিনি বলেন, বাগবাটি বাজারে পাকিস্তানি সেনা আসার খবর ছড়িয়ে পড়লে সবাই যার যার মতো পালাতে শুরু করে। তিনি বলেন, ‘ঘরের দরজা-জানালা বন্ধ করতে করতেই মিলিটারির গাড়ি বাজারে এসে পড়ে। আমি বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে গর্তে আশ্রয় নিই। গর্তের ভেতর থেকে রাজাকারদের চলাফেরা দেখা যায়, মিলিটারিদের করা গুলির শব্দ ও তাদের নানা কথা আমার কানে আসে। তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে ঢুকে পুরুষ মানুষদের ধরে এনে রাস্তার ওপর গুলি করে মারতে থাকে।’
গ্রামের মানুষজনকে বিভিন্ন স্থানে গুলি করে মেরে বিভিন্ন গর্তে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে চলে গ্রামের নারীদের ওপর নির্যাতন। রতন চন্দ্র শীল বলেন, ‘পাশের ঢলডোব গ্রাম থেকে মুনু মিয়ার নেতৃত্বে পিস কমিটির লোকজন ও রাজাকাররা এসে বাড়িঘরে ব্যাপক লুটপাট চালায়। পরে তারা ২০টি বাড়িতে অগ্নি সংযোগ করে।’
গ্রামবাসী ও এলাকার মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের সময় সিরাজগঞ্জ শহর ও বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের শত শত লোক আশ্রয় নেয় এই তিনটি গ্রামে। এলাকায় হিন্দুদের বিচরণ দেখে রাজাকাররা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। সিরাজগঞ্জ শহরের তৎকালীন মুসলিম লীগ নেতা তরিকুল ইসলাম ওরফে লেবু মিয়ার নেতৃত্বে ২৭ মে গভীর রাতে পাকিস্তানি সেনারা তিনটি গাড়িতে করে শহর থেকে রওনা হয়। ভোরে গ্রামগুলো তারা ঘিরে ফেলে।
হরিনা, বাগবাটি গ্রামের চণ্ডী শীল বলেন, ‘মিলিটারি আসার কথা শুনে আমি দৌড়ে পাশের গ্রামে চলে যাই। মিলিটারিরা আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত ছুড়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারা আমার বাবা ও ভাইদের হত্যা করেছে। তাদের লাশ পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি।’