সিরাজগঞ্জের নকলনবিশেরা কর্মবিরতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ভূমি নিবন্ধন (রেজিস্ট্রি) কার্যালয়ের ২০৫ জন নকলনবিশের চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। গত রোববার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
এ কারণে কার্যালয়ের কোনো দলিল বালামভুক্ত হচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে নকল তুলতে আসা গ্রাহকেরা নকল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
নকলনবিশ অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা ও সদর উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ বলেন, গত ১১ মাস ধরে আমরা কোনো প্রকার বেতন-ভাতা পাচ্ছি না। দীর্ঘদিন ধরে আমরা নকলনবিশদের চাকরি পে-স্কেলভুক্ত করার দাবি জানিয়ে আসছি। বিভিন্ন সময় সরকারের শীর্ষ পর্যায় থেকে আশ্বাস পাওয়া গেলেও এর ফলপ্রসূ কোনো অগ্রগতি আজও হয়নি। অপরদিকে, আমরা ১১ মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।
শামীম আহমেদ বলেন, আমরা রাষ্ট্রের রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকি। অথচ সরকার আমাদের প্রতি সুবিচার করছে না। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।