সিরাজগঞ্জের নদীতীর সংরক্ষণ বাঁধে ধস
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর পৌর শহরসংলগ্ন যমুনা নদীর ডান স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের ৩০ মিটার প্রতিরক্ষা বাঁধ ধসে গেছে। গত বৃহস্পতিবার রাতে দেখা যায়, ধসে যাওয়ায় বাঁধের বাকি অংশে পানির তীব্র স্রোত প্রবলভাবে আঘাত হানছে।
পানির তীব্র স্রোতের কারণে আশপাশের থানা সদরসহ বেশ কিছু সরকারি স্থাপনা হুমকির সম্মুখীন।
পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে দরপত্র আহ্বান করার পর ২০১২ সালে কাজীপুরে নদীর স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। বিলম্বিত এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অহেতুক সময়ক্ষেপণের কারণে গত বছর শেষ হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই বাঁধে ধস নামল। ধসে পড়া বাঁধটির মাত্র ৩০০ গজ দূরে কাজীপুর থানা ভবন, খাদ্যগুদামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাঁধটির পাশে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। এ কারণে বাঁধটি ধসে গেছে। এই ধস নামা অব্যাহত থাকলে মেঘাইবাজার স্পারটিও হুমকির মুখে পড়বে। ধসে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল ও উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ধস নামা স্থান পরিদর্শন করে জানান, প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি হয়নি। ধসে যাওয়া স্থানে যত দ্রুত সম্ভব বালুর বস্তা ফেলা হবে।