সিরাজগঞ্জের পাঁচ উপজেলায় ১৮ ঘণ্টা লোডশেডিং!
ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলা। বিদ্যুতের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায় চলতি বোরো মৌসুমে জমি শুকিয়ে চৌচির হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে সেচযন্ত্রের মোটর পুড়ে যাওয়ার আশঙ্কায় অনেকে সেচ দেওয়া বন্ধ রাখছেন। একই কারণে অনেকে ডিজেলচালিত যন্ত্রে সেচ দিচ্ছেন। সেচ গ্রাহকদের সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জেলার তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, কামারখন্দ উপজেলা এবং উল্লাপাড়া উপজেলার বেশ কিছু এলাকায় ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। এসব এলাকায় রাতে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ করা হলেও দিনের বেলা প্রায় বিদ্যুৎহীন থাকছে। ২৪ ঘণ্টায় চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, পিডিবির শিয়ালকোল উপকেন্দ্র থেকে জেলা শহরসহ এই পাঁচটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয়। এই উপকেন্দ্রে প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ১৭ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। এই পাঁচটি উপজেলায় প্রায় সাড়ে আট হাজার বিদ্যুৎচালিত সেচযন্ত্র চলে। এ ছাড়া শিল্প ও বাণিজ্যিক গ্রাহক আছে লক্ষাধিক। তাড়াশ উপজেলার তালম গ্রামের বরেন্দ্র সেচ প্রকল্পের ব্যবস্থাপক ইদ্রিচ আলী ও তাড়াশ সদরের সেচযন্ত্রের মালিক গোলাম আজম জানান, সপ্তাহ খানেক আগে ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যেত। বর্তমানে পাওয়া যাচ্ছে গড়ে চার থেকে পাঁচ ঘণ্টা। দিনে বিদ্যুৎ থাকছে না বললেই চলে। সন্ধ্যার পর ১০-২০ মিনিট বিদ্যুৎ থাকলে এর পর দুই থেকে আড়াই ঘণ্টা থাকে না। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে মোটর পুড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে সেচযন্ত্র বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে জমি শুকিয়ে যাওয়ায় এ এলাকার আইয়ুব, বাস্তুল্লাহ, আকবার, গফুরসহ ৫০ জন জমিতে ডিজেলচালিত সেচযন্ত্র স্থাপন করেছেন। এলাকার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধের উপক্রম হয়েছে। শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মামুনর রশিদ জানান, বর্তমানে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার জন্য শিয়ালকোল উপকেন্দ্র থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। অথচ গত এক সপ্তাহ ধরে পিডিবি সরবরাহ করছে নয় থেকে ১১ মেগাওয়াট। এ ছাড়া এই বিশাল এলাকার একেকটি ফিডারে দুই থেকে তিন মেগাওয়াট করে বিদ্যুৎ লাগে। যে বিদ্যুৎ পাওয়া যায় তাতে ২০টি ফিডারের মধ্যে মাত্র কয়েকটি ফিডার চালু রাখা সম্ভব হয়। এ কারণে লোডশেডিং করতে হচ্ছে। পিডিবি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কান্ত রায় জানান, জেলা শহরে ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে ছয় মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের ৪৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। রাতে প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ কিছুটা বাড়ানো হয়। মোট ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে এর বেশি পাওয়া যাচ্ছে না। সরবরাহ বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।