সিরাজগঞ্জের যমুনায় চার দিনে ৪ ফুট পানি বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ-নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে গত চার দিনে প্রায় ৪ ফুট পানি বেড়ে জেলার চারটি উপজেলার চর ও নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চার দিন ধরে যমুনা নদীতে পানি বাড়ছে। গতকাল সোমবার পর্যন্ত ৪ ফুট পানি বেড়েছে নদীতে। এতে জেলার সদর, শাহজাদপুর, কাজীপুর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের অনেক অংশ পানিতে তলিয়ে যায়।

কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের জাহিদ হোসেন বলেন, ‘উপজেলার যমুনা নদী চরের নাটুয়াপাড়া, খাসসুরিবের, পানাগাড়ী, মনসুরনগর—এই এলাকার চরে এরই মধ্যে অনেকেই মাষকলাই, মসুর ও গাইঞ্জা ধান রোপণ করেছিলেন। এর মধ্যে আমার নিজেরও সাত বিঘা গাইঞ্জা ও তিন বিঘা মাষকলাইয়ের জমি ছিল। পানিতে সব তলিয়ে গেছে। যেভাবে পানি বাড়ছে, তাতে উঁচু জমিগুলোও তলিয়ে যাবে।’

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মনজু আলম সরকার বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকেরা কেবল কিছু জমিতে মাষকলাই বুনতে পেরেছিলেন। এরই মধ্যে প্রায় ১০০ হেক্টর জমির মাষকলাই পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে নতুন করে মাষকলাই বুনতে হবে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পুরোদমে মাষকলাই বপন শুরু হয়নি। সব মিলিয়ে লক্ষ্যমাত্রার ১২ হাজার হেক্টরের মধ্যে ৪ হাজার হেক্টর জমিতে মাষকলাই বপন করা হয়েছিল। এর মধ্যে কিছু জমি তলিয়ে গেছে। পানি নামার সঙ্গে সঙ্গে পুনরায় বপন শুরু করা হবে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী পরিচালক সৈয়দ হাসান ইমাম বলেন, উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বেড়ে নদীর পশ্চিম তীরবর্তী শাহজাদপুর উপজেলার দেওয়ান তারুটিয়া, কাজীপুরের মাসুয়াকান্দি এলাকার ফসলি খেত ডুবে যাওয়াসহ ভাঙন দেখা দিয়েছে। তবে এখনো ভয়ের কোনো কারণ নেই। পানি আগামী আরও দুই দিন বাড়বে। এরপর থেকে কমতে শুরু করবে।