সিরাজগঞ্জের যমুনায় নৌকা ডুবে একই পরিবারের পাঁচজন নিখোঁজ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে একই পরিবারের পাঁচজন নিখোঁজ হয়েছে। গত বুধবার সন্ধ্যায় খাসধলাইয়ে এ দুর্ঘটনা ঘটে।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, করুয়াজানী গ্রামের হুরমুজ আলী বুধবার দুপুরে নিজের নৌকায় স্ত্রী, মেয়ে, জামাতাসহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে আটাপাড়া গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খাসধলাইয়ে প্রবল স্রোতে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে জামাতা সাইফুল ইসলাম (৩৫) ও তাঁর ছেলে ইয়াকুবকে (৩) উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের বাকি সদস্যদের পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ ব্যক্তিরা হলেন: হুরমুজ আলী (৫০), তাঁর স্ত্রী মালেকা খাতুন (৪০), মেয়ে মিম খাতুন (৪), পুত্রবধূ হনুফা খাতুন (২৬) ও নাতনি সখিনা খাতুন (৪)।ওসি ওমর ফারুক আরও জানান, স্রোতে নৌকাটি ভাটি অঞ্চলে ভেসে গেছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ওই অঞ্চলে লোক পাঠানো হয়েছে।