মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল শনিবার থেকে সিরাজগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ পথে চলাচলকারী একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসার সময় রায়পুর স্টেশনের কাছে এর দুটি বগি লাইনচ্যুত হয়৷ এ সময় রেললাইনের কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত এবং লাইন বেঁকে যায়৷ এতে ঈশ্বরদী থেকে এসে বাজার স্টেশন হয়ে ঢাকায় চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও অপর একটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে৷
গতকাল রোববার বেলা ১১টায় ঘটনাস্থলে উপস্থিত পাকশী রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, অতিরিক্ত বৃষ্টিতে রেললাইনের অবস্থা নাজুক হয়ে পড়েছে৷ তা ছাড়া অনেক দিন এ পথের লাইনে সংস্কারকাজ তেমন করা হয়নি৷ দুর্ঘটনাকবলিত ট্রেনটির গতিও ছিল স্বাভাবিকের চেয়ে বেিশ৷ এসব কারণে লাইন দেবে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে৷ উদ্ধারকারী ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ চলছে৷ বগি সরিয়ে রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচলের জন্য তা খুলে দেওয়া হবে৷
বাজার স্টেশনের মাস্টার মো. আজাহার আলী বলেন, ওই ঘটনায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শহরে প্রবেশ করতে পারেনি৷ এটি জামতৈল থেকে ঢাকায় পািঠয়ে দেওয়া হয়েছে৷ লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন দুটি পুনরায় সিরাজগঞ্জ শহরে ঢুকবে৷