সিরাজগঞ্জের সব হাসপাতালে ওষুধ সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের ঔষধাগার থেকে অবশেষে ওষুধ সরবরাহ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সিভিল সার্জন সরবরাহপত্রে স্বাক্ষর করার পর ওষুধ সরবরাহ শুরু হয়। সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার জানান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা-সাপেক্ষে ওষুধ সরবরাহ শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল প্রথম আলোর ১৯ নম্বর পৃষ্ঠায় ‘সিরাজগঞ্জের সব হাসপাতালে ২২ দিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরে আসে। কর্মকর্তারা জরুরি ভিত্তিতে ঔষধাগার থেকে বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহ করার জন্য নির্দেশ দেন। এ নির্দেশ পাওয়ার পর সিভিল সার্জন নূরুল ইসলাম সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তাকে ডেকে সরবরাহপত্র আনতে বলেন। এরপর তিনি সরবরাহপত্রগুলোয় স্বাক্ষর করলে বেলা সাড়ে ১১টার দিকে ওষুধপত্র সরবরাহ শুরু হয়।ঔষধাগার-রক্ষক হাবিবুর রহমান জানান, সিভিল সার্জন পাঁচটি সরবরাহপত্রে স্বাক্ষর করেছেন। এরপর এসব হাসপাতালে ওষুধ সরবরাহ শুরু হয়। তিনি জানান, সিভিল সার্জন তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষরে অনুমতিও দিয়েছেন। সিভিল সার্জন নূরুল ইসলামের ভাষ্যমতে, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দায়িত্ব বুঝে দেওয়া-নেওয়া নিয়ে জটিলতার কারণে ১৯ জুলাই থেকে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ থাকে। ফলে জেলার সদর হাসপাতাল, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ২০ শয্যার ও একটি ১০ শয্যার হাসপাতাল এবং ২৫০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা ব্যাহত হয়।