সিরাজগঞ্জের সব হাসপাতালে ২২ দিন ওষুধ সরবরাহ বন্ধ
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ঔষধাগার থেকে জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ দিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে জেলার সদর হাসপাতাল, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ২০ শয্যার ও একটি ১০ শয্যার হাসপাতাল এবং ২৫০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।যোগাযোগ করা হলে সিভিল সার্জন নূরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘মামলাসংক্রান্ত জটিলতার কারণে দায়িত্ব বুঝিয়ে দেওয়া-নেওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। হাইকোর্টের আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গত ১৯ জুলাই থেকে ওষুধ সরবরাহ বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।স্থানীয় স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ২০ মে সিরাজগঞ্জের সিভিল সার্জন নূরুল ইসলামকে ঢাকার বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়। তিনি বদলির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট গত ২৬ মে ছয় মাসের জন্য বদলির আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এ দিকে সিরাজগঞ্জে বদলি হয়ে যাওয়া সিভিল সার্জন রফিকুল ইসলাম হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল বিভাগ ১১ জুলাই হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ১৪ অক্টোবর শুনানির নির্দেশ দেন। নূরুল ইসলাম দাবি করেন, তিনিও লিভ টু আপিল করেছেন। আপিল বিভাগ আগামী ৭ নভেম্বর আপিলের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। তাই তিনিই সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীরা অভিযোগ করেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী একজোট হয়ে সিভিল সার্জনের বদলিতে ভূমিকা রেখেছেন—এমন ধারণা থেকে সিভিল সার্জন অনেককে বদলি করেন। এরই অংশ হিসেবে তিনি ঔষধাগারের রক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী আবদুল মান্নানসহ আটজনকে বিভিন্ন স্থানে বদলি করেন। হাবিবুর রহমান ও আবদুল মান্নান বদলির বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট ২ আগস্ট বদলির আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। হাবিবুর রহমান জানান, সর্বশেষ ১৮ জুলাই বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়। তিনি অভিযোগ করেন, সদর হাসপাতাল, কাজীপুর, উল্লাপাড়া এবং বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাহিদাপত্র অনুযায়ী সরবরাহপত্র তৈরি করে তা চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে ২ আগস্ট সিভিল সার্জনের কাছে জমা দেওয়া হয়। কিন্তু সিভিল সার্জন সরবরাহপত্রে স্বাক্ষর না করায় এখন পর্যন্ত সেই ওষুধ সরবরাহ করা যায়নি। হাবিবুর অভিযোগ করেন, সিভিল সার্জন অন্যায়ভাবে তাঁর বেতন বন্ধ করে দিয়েছেন। হাজিরা খাতায় স্বাক্ষরও করতে দিচ্ছেন না।সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগের মজুদ থেকে চাহিদা মেটানো হচ্ছে। সিভিল সার্জনের কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।কাজীপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আওয়াল জানান, ওষুধের চাহিদাপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি ঢাকায় অবস্থান করায় ওষুধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে কমিউনিটি ক্লিনিকের কয়েকজন মাঠকর্মী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিতে গেলে ওষুধ নেই বলে তাঁদের জানানো হচ্ছে।