সরকারের রাজস্ব ক্ষতি করে নিয়মবহির্ভূতভাবে এনায়েতপুর কাপড়ের হাট ইজারা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন।১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা মামলায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ছাড়াও চৌহালী উপজেলার এনায়েতপুর কাপড়ের হাটের ইজারাদার আবদুল কুদ্দুসকে আসামি করা হয়েছে। আমিনুল বর্তমানে রাজশাহী বিভাগের স্থানীয় সরকার অধিদপ্তরের বিভাগীয় পরিচালক পদে আছেন।মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বাংলা ১৪১৯ সালে চৌহালী উপজেলার এনায়েতপুর কাপড়ের হাটটি ইজারা দেওয়ার জন্য একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা প্রশাসন শুধু একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চৌহালী উপজেলার খামার গ্রামের আবদুল কুদ্দুসকে ইজারা দেয়। মোট ৩২ লাখ ২১ হাজার টাকায় ইজারা দেওয়ায় সরকার সর্বোচ্চ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন হওয়ার পর ওই দিন রাতে দুদকের উপপরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন।