সিরাজগঞ্জের সেই কাইয়ুম এখন সুস্থ
সিরাজগঞ্জে পোলট্রি ফিড কারখানার ময়লা পরিষ্কারের যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার শিকার ১২ বছর বয়সী শিশু আবদুল কাইয়ুম এখন সুস্থ। দু-এক দিনের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সে বাড়ি ফিরতে পারে।
চিকিৎসকেরা বলেছেন, পায়ুপথে বাতাস ঢোকানোর পর শিশুটির অন্ত্রের একাধিক স্থানে ছিদ্র হয়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে ছিদ্র জোড়া লাগানো হয়। এ ধরনের কোনো রোগীকে বাঁচানোর ঘটনা দেশে এই প্রথম বলে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাসপাতাল প্রশাসন দাবি করেছে।
শিশুটির অস্ত্রোপচারের জন্য হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবদুল মোত্তালেব হোসেনকে প্রধান করে চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে আবদুল মোত্তালেব হোসেন বলেন, শিশুটির পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে তার অন্ত্রের একাধিক স্থানে ছিদ্র হয়েছিল। অস্ত্রোপচার করে এসব ছিদ্র জোড়া লাগানো হয়েছে। কাইয়ুম এখন সুস্থ। দু-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান সংবাদ সম্মেলনে বলেন, দেশে এ ধরনের রোগীকে বাঁচানোর ঘটনা এটাই প্রথম। হাসপাতালের চিকিৎসকদের দক্ষতার কারণে এটা সম্ভব হয়েছে।
নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) বিভাগের প্রধান নিতাই চন্দ্র সংবাদ সম্মেলনে বলেন, ‘অজ্ঞান করার আগে শিশুটির মা বলেছিলেন, ছেলে তো মারাই যাবে, আপনাদের যা যা করা দরকার, চেষ্টা করেন। মায়ের এ কথা চিকিৎসকদের আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল।’
সিরাজগঞ্জ সদরের বহালি ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে আবদুল কাইয়ুম কাজ করত এলাকার একটি ফিডমিলে। ১৫ জুলাই কারখানার অপর এক শিশুশ্রমিক কাইয়ুমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে ওই দিন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।