মানিকগঞ্জে পানিসম্পদমন্ত্রী
সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট থেকে ধলেশ্বরী মোহনা পর্যন্ত নদী খনন হবে
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, নদীর গতিপথ ঠিক রাখতে ও নাব্যতা-সংকট নিরসনে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট থেকে ধলেশ্বরী মোহনা পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন করা হবে।গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সরকার ‘ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় নদী খনন করা হবে।রমেশ চন্দ্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ জানুয়ারি ক্যাপিটাল ড্রেজিংয়ের পাইলট প্রকল্প কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক আজিজুল হক, অতিরিক্ত মহাপরিচালক শহীদুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী সুনীল বরুণ দেব রায়, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।